সিএনএমঃ
জাসদ সভাপতি হাসানুল হক ইনু নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ আটটি অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি দোষ স্বীকার করবেন কিনা—ট্রাইব্যুনালের এমন প্রশ্নের জবাবে ইনু এই মন্তব্য করেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুইটি পৃথক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলের চার নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
ট্রাইব্যুনাল হানিফের মামলার ওপেনিং স্টেটমেন্টের তারিখ ২৫ নভেম্বর এবং ইনুর মামলার ওপেনিং স্টেটমেন্টের তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করেছে।
রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন, ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে করা ৮টি অভিযোগের মধ্যে ২টি অভিযোগের বিস্তারিত পড়েন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, এখানে কয়েকটা অভিযোগ একই রকমের ঘটনা হওয়ায় আমরা রিপিটেশন এড়াতে বাকি ৬টি অভিযোগ পড়বো না। এ সময় ট্রাইব্যুনাল ইনুকে দাঁড়াতে বলেন। পরে ইনু বলেন, এখানে যে অভিযোগগুলো পড়া হয়েছে আমি সবগুলো শুনিনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, উনাকে চার্জের কপিটা দিলে উনি পড়তে পারবেন। তখন ইনু বলেন, আমি ট্রাইব্যুনালের কিছু কথা শুনেছি এবং আমার আইনজীবী মাধ্যমে কিছু জেনেছি। আমি যা বুঝলাম তা হচ্ছে—আপনারা (ট্রাইব্যুনাল) আমার আবেদনটি গ্রহণ করছেন না।
তখন ট্রাইব্যুনাল বলেন, হ্যাঁ, আমরা আপনার আবেদনটি রিজেক্ট করেছি, আপনি দোষ স্বীকার করবেন কিনা এটি বলুন। তখন ইনু বলেন, আমি কয়েকটা কথা বলে এর উত্তর দিতে চাই। এ সময় ট্রাইব্যুনাল বলেন, এটির সুযোগ নেই, আপনি আইনজীবী নিয়োগ করেছেন, যা বলার উনার মাধ্যমে বলবেন। তখন ইনু বলেন, প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন, আমাদের দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবি মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান রয়েছে। আমি বলবো, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচার) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।